
কুমিল্লা নগরীতে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে যুবদল নেতা কাউছারকে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক মো. মাছুম মিয়া।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত কাউছার নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য। তিনি কাপ্তানবাজার এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেনের ছোট ভাই।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কাপ্তানবাজার এলাকার কাউছারের বন্ধু মো. শামীম এবং আদর্শ সদর উপজেলার নন্দিরবাজার এলাকার তানজিল ও তৌহিদের মধ্যে ছত্রখিল এলাকার একটি জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে শামীম, তার বন্ধু কাউছার, হেলাল উদ্দিনসহ কয়েকজন গেলে প্রতিপক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
নিহত কাউছারের বন্ধু হেলাল উদ্দিন জানান, ওই জমি নিয়ে বিরোধ নিরসনের জন্য আমাদের সেখানে যেতে বলা হয়েছিল। আমরা সেখানে যাওয়ার পর পরিকল্পিতভাবে তৌহিদ, তানজিলসহ তাদের লোকজন আমাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেল সাড়ে চারটার দিকে যুবদল নেতা কাউসারের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গোমতী নদীর উত্তর পাড়ে নন্দির বাজার এলাকায় তৌহিদের বাড়িতে ভাঙচুর করে।
এদিকে বিকাল ৪টার দিকে সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান যুবদল নেতা কাউসারের মরদেহ দেখতে। এসময় তিনি সাংবাদিকদের জানান, পরিবারটি বিএনপির জন্য নিবেদিত। জমি নিয়ে বিরোধে এভাবে কুপিয়ে হত্যার বিষয়টি দুঃখজনক। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।