
কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটকের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত রবিবার ট্রাফিক পুলিশের কাছে আটক মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ভুয়া পরিচয় দেওয়ার সময় তাঁর আচরণে সন্দেহ হলে বিষয়টি ডিবিকে জানানো হয়। পরে তাঁর মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।

পুলিশ জানায়, এর আগে গত শনিবার কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। এ সময় চালক নিজেকে বাংলাদেশ পুলিশের সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের পক্ষে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট।
পরদিন রবিবার রাসেল হোসেন ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তাঁর পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তিনি সিআইডির কর্মকর্তা নন বলে নিশ্চিত হয় পুলিশ। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।