
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা ডিবি পুলিশ। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা নিশ্চিত করেননি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বিকেল জানান, ‘রেজাউল কাইয়ুমকে কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে।সিনিয়র অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তাকে গ্রেফতার করা হবে কিনা, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনাল থেকে সকল রোডে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে যোগ দেয় রেজাউলের অনুসারি নেতাকর্মীরা। বেলা সাড়ে তিনটার পর শাসনগাছা থেকে সকল রোডে যানবাহন চলাচল শুরু করে।
এদিকে রেজাউলের আটকের খবর পেয়ে কয়েকশ নেতাকর্মী ও পরিবহন শ্রমিক কোতোয়ালি মডেল থানার সামনে গিয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় নেতাকর্মীরা রেজাউলের মুক্তির দাবি জানিয়ে ‘রেজাউল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার-সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় জেলা পুলিশ সুপার কার্যালয়েও। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি নেতা রেজাউলের মুক্তির দাবিতে তার অনুসারিরা থানার সামনে অবস্থান করে থাকে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ‘আমরা তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি। এ বিষয়ের বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে।’