
কুমিল্লার দেবিদ্বারে সহস্রাধিক দরিদ্র রোগীকে ফ্রী চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তিন জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ সাত জন চিকিৎসক সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ চিকিৎসাসেবা প্রদান করেন।
শনিবার (২ মে) দেবিদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ মোকামবাড়ি ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে গোমতী হাসপাতাল ও ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা দেওয়া হয়।

ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সভাপতি ইতালি প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমানের সভাপতিত্বে এবং নিকাহ রেজিস্টার মো. সাইফুল ইসলাম মিঠু মূন্সীর সঞ্চালনায় ফ্রী চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা গোমতী হাসপাতালের সিইও ডা. মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফ এহসান, ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারমান্যান মো. রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা গোমতী হাসপাতালের সিইও ডা. মো. মজিবুর রহমান বলেন, মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। গ্রামের প্রত্যান্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রয়োজনে এখান থেকে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা হতদরিদ্রের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে দেওয়া হবে।
ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সভাপতি ইতালি প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমান বলেন, এবার নানা জটিলতার কারনে ফ্রী ওষুধ সরবরাহ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে চিকিৎসার ব্যবস্থাপত্রের সাথে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। তবে আমরা ডায়াবেটিস, কিডনি, রক্তের গ্রুপসহ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা- নিরীক্ষা ফ্রী করার ব্যবস্থা রেখেছি।

আয়োজকরা জানান, ফতেহাবাদ ইউনিয়নের পূর্বপ্রান্তে থাকা রোগীদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ ফ্রী চিকিৎসাসেবা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যা প্রতি ৩ মাস পর পরে চলমান থাকবে। আমরা গাইনী, ডায়াবেটিস, চর্ম, শিশু, হার্ট, গ্যাস্ট্রোলজি, চক্ষু, কিডনি, সিজনাল জ্বরসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করেছি।
আয়োজকরা আরও জানান, দেবিদ্বার উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা দূর্গম ও চিকিৎসাসেবা বঞ্চিত অবহেলিত দরিদ্র এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে এ আয়োজন করা হয়েছে।