
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মামা ও ভাগ্নের ঝগড়া থামাতে গিয়ে স্বামীর লাথিতে পারভীন বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মো. নাসিরকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরের ভাগ্নে ইয়াসিন (১৬) পেশায় একজন রংমিস্ত্রি। বেশ কিছুদিন ধরে ইয়াসিন কাজে যাচ্ছিলেন না। এ নিয়ে রোববার সকাল আটটার দিকে মামা নাসিরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাসির ভাগ্নেকে মারতে যায় । এ সময় ভাগনেকে রক্ষা করতে মামী পারভীন বেগম মাঝখানে দাঁড়িয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসির তাঁর স্ত্রীর তলপেটে লাথি মারলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে পড়েন।
তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুপুরে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ঝগড়া থামানোর সময় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক এবং একটি মামলা দায়ের করা হয়েছে।