
সংস্কৃতিচর্চার একদিকে হলো সমৃদ্ধ জীবনবোধ অর্জন আর অন্যদিকে জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করা। একজন শিক্ষার্থীর জীবনবোধ যখন সংস্কৃতি চেতনায় ঋদ্ধ হয়ে ওঠে, তখন তার শিক্ষা জীবনও পরিপূর্ণ হয়ে ওঠে। তাই তো বলঅ হয়ে থাকে- শিক্ষার আধার হলো সংস্কৃতি।
স্কুলে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে সাপ্তাহিক ড্রইং, আবৃত্তি ও সংগীত চর্চার প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণগুলোর মধ্যে বর্তমানে ড্রইং ও আবৃত্তি কুমিল্লার স্বনামধন্য ও আদর্শ শিশু শিক্ষাঙ্গণ নজরুল মেমোরিয়াল একাডেমিতে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে। যা নিয়মিত পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রম কার্যক্রম সমান গুরুত্বের সাথে চর্চা হচ্ছে।
কুমিল্লা শহরের নানুয়াদিঘীর দক্ষিণপাড়ে অবস্থিত নজরুল মেমোরিয়াল একাডেমীতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি সংস্কৃতি চর্চার অন্যতম বিষয় হিসেবে বর্তমানে ড্রইং ও আবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী জুন মাস থেকে শুরু হবে সংগীত প্রশিক্ষণ।
কুমিল্লা আর্ট স্কুলের সিনিয়র শিক্ষকদের তত্বাবধানে ও নজরুল মেমোরিয়াল একাডেমীর প্রশিক্ষিত শিক্ষকদের পরিচালনায় সিলেবাস ভিত্তিক ড্রইং প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ড্রইং প্রশিক্ষণের ক্লাশ চলে।
একই দিন অর্থাৎ শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আবৃত্তি প্রশিক্ষণ চলে। ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা, যাত্রিক নাট্যগোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমির বাচিক শিল্পীর তত্ত্বাবধানে ও নজরুল মেমোরিয়াল একাডেমির প্রশিক্ষিত আবৃত্তিকার শিক্ষকের পরিচালনায় আবৃত্তি চর্চার প্রশিক্ষণ হয়ে থাকে।
আগামী জুন মাস থেকে নজরুল মেমোরিয়াল একাডেমিতে ড্রইং ও আবৃত্তির পাশাপাশি যুক্ত হচ্ছে সংগীত প্রশিক্ষণ।
সপ্তাহের প্রতি শনিবার চট্টগ্রাম বেতারের নজরুল সঙ্গীত ও আধুনিকের এ গ্রেডের স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীত শিল্পী
শাহনাজ সুলতানা রেশমা সংগীত বিষয়ক প্রশিক্ষণের দায়িত্বে থেকে তা শুরু করবেন। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংগীতের প্রশিক্ষণ চলবে।