
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য। সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। যুবকদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
রবিবার (১ নভেম্বর) সকালে ‘দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মারুফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বেচ্ছাসেবক ও বিভিন্ন যুব সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ইতোমধ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এইগুলো হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ,ঋণ ও আর্থিক সহায়তা,সম্ভাবনাময় খাতের প্রশিক্ষণ সম্প্রসারণ, ‘ইমপ্যাক্ট’ প্রকল্প,জাতীয় যুব পুরস্কার ও অনুদান।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবসমাজের সৃজনশীলতা বিকাশে তাদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ‘৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল’ ঘোষণা করেছে এবং সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘স্টার্টআপ বাজেট’ বরাদ্দ দেওয়া হয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা শিক্ষা অফিসার মো.আহসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো ফারুক আহাম্মদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।