
কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, ছড়াকার এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল আর নেই। আজ শুক্রবার রাত সোয়া ১০টায় কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সার, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি ক্যান্সারের পাশাপাশি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে সিডিপ্যাথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়েছিল।
জহিরুল হক দুলাল একাধারে কুমিল্লা ইউসুফ বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের (ইউসুফ হাই স্কুল) সাবেক শিক্ষক, প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন। তাঁর প্রয়াণে কুমিল্লার রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পূর্বে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাবের পক্ষ থেকে এই গুণী ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে।
এই ধরনের আরও খবর...