ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর নানুয়া দিঘীরপাড়স্থ সাবেক মেয়র সাক্কুর বাসভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের আহ্বায়ক, প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র সাক্কু দলের তৃণমূল নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। কিন্তু আজও বিএনপি’র বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সব ধরনের ষড়যন্ত্রকারীদের ব্যাপারে তৃণমূল নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে, সেদিকে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।
সাক্কু তার বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণের ওপর গুরুত্বারোপ করে বিষয়টি বাস্তবায়নের জন্য স্থানীয় এমপির দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জাসাসের প্রতিষ্ঠাকালীন কুমিল্লা জেলার সাবেক সভাপতি ও সাবেক ভিপি মো. সহিদুল হাসান বাবুল, বিএনপি নেতা হুমায়ুন কবির, আবুল হোসেন, আবুল কালাম আজাদ, জাফর ইকবাল ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।