
স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের অযাচিত ব্যবহার তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
বর্তমান প্রজন্মের এই ভয়াবহ আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব শিক্ষার্থীদের হাতে স্মার্ট ফোন তুলে দিয়ে তাদের পড়ালেখার প্রতি মনোযোগ দিন দিন হারিয়ে ফেলছে। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পেছনে অন্যতম কারণ স্কুল-কলেজ পড়ুয়া হাতে হাতে মোবাইল ফোনের ব্যবহার। এমনকি স্মার্টফোন না কিনে দিলে অল্পবয়সী সন্তানরা অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করছে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট খেলার মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ও সাবেক কমিশনার হাজী আব্দুস সালাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাবেক মেয়র সাক্কু অভিভাবকদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন। শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের একটি সীমা টেনে দিয়ে তিনি বলেন, শুধুমাত্র পরিবারের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দেড়, দুই হাজার টাকা দামের বাটন ফোন ব্যবহার করতে পারে। এর বাইরে তাদের হাতে কোনভাবেই স্মার্ট ফোন দেওয়া যাবে না।
অভিভাবকদের আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, স্মার্ট ফোন ব্যবহারের যখন সময় আসবে, বয়স হবে তখন আপনার সন্তানকে সামর্থ্য থাকলে দামি ফোন কিনে দিবেন। কিন্তু স্কুল-কলেজে পড়ালেখা অবস্থায় আবেগ দেখিয়ে স্মার্ট ফোন হাতে তুলে দিয়ে আপনার সন্তানের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।
কিশোর ও তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে এনে মাঠে ফেরানোর ওপর জোর দেন এই নগর পিতা। তিনি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ইতিবাচক চর্চাই কেবল যুবসমাজকে মাদক এবং অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।