শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বিশেষ বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি কুমিল্লার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে বলেন, কুমিল্লার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ। দল-মত নির্বিশেষে বৃহত্তর কুমিল্লার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন কুমিল্লা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রধান অতিথির বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কৃষি, অর্থনীতি ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
আয়োজিত বর্ণাঢ্য কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বিএনপি ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে এবং সরকারিভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের পাশাপাশি কুমিল্লায় দলীয়ভাবে বিশাল র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।