
সুন্নি ও সূফীবাদী জনতার আস্থার ঠিকানা এবং সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’ এর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার কালিকাপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মো. মিজানুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির সদস্য সচিব, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও জেলা ইসলামী ফ্রন্টের সদস্য মাওলানা মো. গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ নুরুল কবির আতাউল, মো. আবদুল ওয়াদুদ, হাফেজ মো. ইসমাইল, হাফেজ মো. ইকরাম উদ্দিন, মো. মেহেদী হাসান অপু, মো. ইকবাল হোসেন চৌধুরী, মো. আদিল উদ্দিন এবং ফারুক আহমেদ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট ২ নং বাকশীমূল ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে মাওলানা মো. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং সৈয়দ নুরুল কবির আতাউলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শনিবার (৭ নভেম্বর) ভোররাতে বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।