
কুমিল্লার লালমাই সরকারি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আ ক ম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাক মিয়া বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এই সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আ ক ম খলিলুর রহমান দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশের ইতিহাস-ঐতিহ্য চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই ধরনের আরও খবর...