শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে দেবিদ্বার পল্লীবিদ্যুৎ সংলগ্ন সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. নজরুল ইসলাম সরকারের বাসভবনে আয়োজিত এক কর্মীসভা থেকে এ আহ্বান জানানো হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলা বিএনপি বর্তমানে চারটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এই চারটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক চারবারের সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাঈদুর রহমান লিটন এবং ঢাকা গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠানের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিবদমান এই চারটি গ্রুপের শীর্ষ নেতাদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানানো হয়।


সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেবিদ্বারের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে দেশব্যাপী স্বীকৃত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এ আসনে টানা চারটি সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু বর্তমানে ‘যত নেতা তত গ্রুপ’ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের এই অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিচ্ছে প্রতিপক্ষরা।

বক্তারা আরও উল্লেখ করেন, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর হঠাৎ করেই অনেক নেতার আবির্ভাব ঘটেছে। দলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এখনই গ্রুপিংয়ের রাজনীতির কবর রচনা করতে হবে। এ লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে কর্মী সমাবেশ করার ঘোষণা দিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের এই ঐক্যের ডাক ব্যর্থ হলে বর্তমান সকল নেতৃত্বকে বাদ দিয়ে আমরা নতুন নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে যাব।


সভায় কঠোর অবস্থান নিয়ে নেতারা বলেন, যারা বিগত স্বৈরশাসকের সহযোগী ছিলেন, যারা দুঃসময়ে দলের কর্মকাণ্ড থেকে দূরে সরে গিয়েছিলেন এবং ২৪-এর ৫ আগস্টের পর চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন, তাদের সাথে কোনো ধরনের আপস করা হবে না।


কর্মীসভায় নব্বই দশকের প্রাক্তন নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সাদেকুর রহমান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলাই কুমার রায়, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও এসএ সরকারি কলেজের সাবেক ভিপি মো. এনামুল হক (হেলাল) ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম খান, মো. মান্নান মোল্লা, সাবেক যুবদল নেতা মো. সোয়ায়েব মোল্লা, এসএ সরকারি কলেজের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাভেদ আহমদ চৌধুরী, সাবেক যুবদল নেতা মো. মোশাররফ হোসেন মামুন, মো. জাহাঙ্গীর আলম, মো. আবু বকর সিদ্দিক, মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান আসাদ, মো. সৈয়দ নাঈম, রিপন আহমেদ, খালিদ হাসান মামুন, মো. সুমন আহমেদ প্রমুখ।