
কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা কমিটির কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সভাপতি, ডা. আমজাদ হোসেন রেজভীকে সাধারণ সম্পাদক এবং পীরজাদা মাওলানা মুফতি শামসে তিবরীজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার একটি কনফারেন্স হলে আয়োজিত অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আবুল হোসেন আল কাদরী।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহসভাপতি মুফতি মাওলানা মো. বেলাল হোসেন চিশতী। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ মিয়াজী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী।
উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের স্বাগত বক্তব্য এবং মাওলানা মুফতি শামসে তিবরীজ সাদকপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।