
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এমপি।
রোববার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তাঁর দেশে ফেরার যাত্রা স্থগিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক মোল্লা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন ।
রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাবার অসুস্থতার কথা জানান তাঁর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নির্ধারিত দিনে দেশে ফিরতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন ইনশাল্লাহ।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১০ দিন পর ১৫ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।
ড.খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ড. খন্দকার মোশাররফের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।
কুমিল্লা-১ আসনের এই প্রবীণ রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকেও তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।