
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা গ্রহণ করা হয়।
উপজেলার নাঙ্গলকোট এ আর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ মোট আটটি কেন্দ্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঁচটি শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবারের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মোট ২ হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক সফি উল্লাহ দুলাল জানান, ২০১৪ সাল থেকে নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়মিতভাবে প্রাথমিক পর্যায়ের এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এসোসিয়েশনের অর্থ সম্পাদক মিজানুর রহমান পরীক্ষার সার্বিক উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে জানান, আটটি কেন্দ্রেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
এদিকে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, কেন্দ্র কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাঙ্গলকোট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এই ধরনের আরও খবর...