
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করে জেলা ও উপজেলা অনুযায়ী তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
তালিকায় প্রথম ধাপের নির্বাচনে ১ হাজার ৪২টি ইউনিয়নের মধ্যে কুমিল্লার ৩৫টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে আদর্শ সদর উপজেলার কালির বাজার, দুর্গাপুর উত্তর, দুর্গাপুর দক্ষিণ, আমড়াতলী, পাঁচথুবী, জগন্নাথপুর। সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়ন। চান্দিনা উপজেলার সুহিলপুর, বাতাঘাসি, মাধাইয়া, কেরণখাল, বাড়েরা, এতবারপুর, বরকইট, মাইজখার, গল্লাই, দোল্লাই, নবাবপুর, বরকরই ও জোয়াগ ইউনিয়ন। বুড়িচং উপজেলার রাজাপুর, বাকশীমূল, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন। ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর, শিদলাই, চান্দলা, শশীদল, দুলালপুর, ব্রাহ্মণপাড়া, সাহেবাবাদ, মালাপাড়া ইউনিয়ন।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে আগামী বছরের (২০২৭ সাল) ২১ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।